প্রচ্ছদ > বিনোদন >

‘আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল’ আশা ভোসলের প্রয়াণে রুনা লায়লা

article-img

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলের প্রয়াণে উপমহাদেশের সংগীতাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। 

তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। গভীর শোক ও আবেগঘন প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে তিনি বলেন, ‘মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল।’

রুনা লায়লা জানান, লতা মঙ্গেশকর ও আশা ভোসলের মতো দুই কিংবদন্তির চলে যাওয়া সংগীত জগতের জন্য অপূরণীয় ক্ষতি।

নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, ‘তারা দুজনেই আমাকে ভীষণ স্নেহ করতেন—মায়ের মতোই। এ কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের শেষ দেখা হয়েছিল আমার সুর করা গান ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’-এর রেকর্ডিংয়ের সময়। এরপর ফোনে যোগাযোগ হয়েছে, কিন্তু কিছুদিন ধরে ভাবছিলাম আবার কথা বলব। আজ করব, কাল করব—এই ভাবনায় আর করা হয়নি। শেষ কথাটাও বলা হলো না।’

আশা ভোসলে ছিলেন উপমহাদেশের সংগীত ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। আট দশক ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে গেছেন। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শনিবার (১১ এপ্রিল) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর একদিন পরই তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।